গোলাম আজম ইরাদ:বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার উদ্যোগে ১৭ অক্টোবর ২০২৬, শনিবার মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলা আমির মাওলানা মোখলেসুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক আলহাজ্ব অধ্যক্ষ ইজ্জতউল্লাহ এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মো. বদর উদ্দিন এবং অঞ্চল টিমের সদস্য মাওলানা আব্দুস সোবহান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জতউল্লাহ এমপি বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈমানি চরিত্র গঠন, অন্যায় থেকে বিরত থাকা এবং দ্বীনের প্রচার-প্রসারে আন্তরিকভাবে কাজ করতে হবে। দাওয়াতি কার্যক্রম, কোরআন অধ্যয়ন, ইবাদত, দোয়া-জিকির ও সাংগঠনিক দায়িত্ব পালনে প্রত্যেককে আত্মমূল্যায়ন করতে হবে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠার সুযোগ রয়েছে। সংগঠনকে শক্তিশালী করতে সমর্থক, সহযোগী ও কর্মীদের আদর্শিক এবং দায়িত্বশীল নেতৃত্বে গড়ে তুলতে হবে।
আগামী ৩১ অক্টোবরের কর্মসূচিকে সামনে রেখে মাদারীপুরে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও প্রাণবন্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে আন্তরিকতা, পরিশ্রম ও আত্মত্যাগের বিকল্প নেই।