কালকিনি প্রতিনিধি: মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কৃষক ও মেহনতী মানুষের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী এক মাসের মধ্যেই কৃষকদের হাতে কৃষক কার্ড পৌঁছে যাবে, যা কৃষকদের বিভিন্ন সরকারি কৃষি-সেবার আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কালকিনি উপজেলার শিকারমঙ্গল রাশিদিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি খোকন তালুকদার বলেন, “প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে দেশের কৃষকদের আরও আন্তরিকতার সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধি করে দেশকে এগিয়ে নিতে হবে। কৃষির উন্নয়নের মাধ্যমেই দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। সেই লক্ষ্যেই আজ কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হলো।”
কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালকিনির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী এবং সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সী।
এ সময় শিকারমঙ্গল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, কৃষি বিভাগের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।