গোলাম আজম ইরাদ:মাদারীপুর পৌরসভার আমিরাবাদ তরগুরিয়া চারার ঘর সংলগ্ন খাল থেকে ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও ময়লা জমে থাকায় পানি চলাচল ব্যাহত হচ্ছিল, ফলে বর্ষা মৌসুমে তরগুরিয়া এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছিল।
এলাকাবাসীর অভিযোগ, প্রতি বর্ষা মৌসুমেই পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাড়িঘর, সড়ক ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। এতে সাধারণ মানুষের চলাচল, শিক্ষা কার্যক্রম এবং দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়।
স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে পৌরসভা খাল পরিষ্কার ও ময়লা অপসারণের উদ্যোগ গ্রহণ করে। গত ১ আগস্ট দিবাগত রাতে সারারাত ধরে বেকু (এক্সকাভেটর) ও ট্রাকের মাধ্যমে খাল থেকে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ পুনরুদ্ধার হওয়ায় জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা করছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, খাল পরিষ্কারের এই উদ্যোগের ফলে বর্ষাকালে পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হবে এবং দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে। এ উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করায় পৌর প্রশাসকসহ মাদারীপুর পৌরসভার সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।