নিজস্ব প্রতিবেদক:মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর পৌর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আমীর ডাক্তার মাওলানা আলমগীর হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোখলেসুর রহমান। তিনি বলেন, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মপরিচয় ও অস্তিত্বের প্রতীক। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য দেন আব্দুর রহিম মোল্লা, শেখ শাহাবুদ্দিন, জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষা, প্রশাসন, বিচার বিভাগ ও দৈনন্দিন রাষ্ট্রিক কার্যক্রমে বাংলা ভাষার যথাযথ ব্যবহার জাতীয় চেতনাকে আরও শক্তিশালী করবে বলে তাঁরা মত প্রকাশ করেন।
আলোচনা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ভাষার মর্যাদা, ইতিহাস এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরা হয়।