স্টাফ রিপোর্টার:মাদারীপুরের পুরান বাজার প্রধান সড়কে প্রতিদিনই নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে তীব্র যানজট। বাদামতলা সড়কের মুচিবাড়ি মোড় থেকে কাজীরমোর পর্যন্ত ফুটপাতজুড়ে প্রায় ৩০টি দোকানসহ ভ্যান, চৌকি এবং হোন্ডা–ইজিবাইকের অবৈধ দখলে সাধারণ মানুষের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
ব্যাংক, বীমা, অফিস ও আদালত-সংক্রান্ত কাজে এলাকায় আসা লোকজন রাস্তার ওপর মোটরসাইকেল রেখে যাওয়ায় রাস্তা আরও সংকুচিত হয়ে পড়ে। মাইক্রোবাস, লরি বা ট্রাক প্রবেশ করলেই সৃষ্টি হয় তীব্র যানজট। অথচ এলাকায় নেই কোনো বাইক স্ট্যান্ড বা অটোরিকশা স্ট্যান্ড।
ফুটপাত দখল করে থাকা দোকানগুলোর কারণে কোটি টাকা বিনিয়োগ করে সাজানো বড় দোকানিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্রেতা চলাচলের সমস্যা তৈরি হওয়ায় বিক্রি কমে যাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
পৌর কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর তদারকি না থাকায় পরিস্থিতির কোনো উন্নতি ঘটছে না। ফলে সচেতনতার অভাব, নিয়ম–নীতি না মানা এবং অবৈধ দখল—সব মিলিয়ে যানজট এখন পুরান বাজার ব্যবসায়ীদের নিত্যদিনের দুঃখ হয়ে দাঁড়িয়েছে।