নিজস্ব প্রতিবেদক:মাদারীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ইয়াকুব খান শিশির (রহ.)–এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে আজকের মাদারীপুর সংবাদ পরিবারের সদস্যরা।
আজকের মাদারীপুর সংবাদের সম্পাদক গোলাম আজম ইরাদসহ সহ-সম্পাদনা পরিষদের সকল সদস্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা অঙ্গনে একজন সাহসী, নীতিবান ও আদর্শবান কলম সৈনিককে হারাল মাদারীপুর। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়। তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, তিনি যেন মরহুমের দুনিয়ার জীবনের সকল ভুল-ভ্রান্তি ক্ষমা করে দিয়ে উত্তম আমলের বিনিময়ে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
উল্লেখ্য, ইয়াকুব খান শিশির আজ ভোর রাত ৪টা ১৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজা নামাজ আজ বাদ যোহর মাদারীপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসলমানদের জানাজায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।